গাজী হাবিব : সাতক্ষীরায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে ব্যাপকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে জলাতঙ্ক প্রতিরোধে র‍্যাবিস ভ্যাকসিন প্রদান কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে।

শনিবার (২৩ মে) সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা- সড়ক, অলিগলি, ড্রেন, বাজার এলাকা ও জনবহুল স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।

জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি মিজ কাউসার আজিজের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমে থাকতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

অন্যদিকে জলাতঙ্ক রোগ প্রতিরোধে পথকুকুরসহ ঝুঁকিপূর্ণ প্রাণীদের র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। সংশ্লিষ্ট ভেটেরিনারি টিম এ টিকাদান কার্যক্রম পরিচালনা করে। তারা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য রোগ- সময়ে টিকা প্রদান নিশ্চিত করা গেলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব। তবে অভিযোগ রয়েছে জেলার হাসপাতাল গুলোতে প্রয়োজনের সময়ে এই টিকা পাওয়া যায়না।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, ডেঙ্গু ও জলাতঙ্ক প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *