বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে সোনালী ব্যাংকের সামনে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধ মারপিট ও সশস্ত্র হামলায় আহত করেছে মুরগী ব্যবসায়ীকে। আহত মুরগী ব্যবসায়ীর নাম ইদ্রিস আলী। ভাই ভাই পোল্ট্রি হাউজের স্বত্ত্বাধিকারী ইদ্রিস আলী জানান, শুক্রবার বেলা ১১টার দিকে একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে অন্য সবার সাথে চোরকে আটকাতে যান তিনিও।
এসময় তার দোকানের পাশের দোকান থেকে কোপা নিয়ে মাছের বাজারের সাব্বির, বাবু ও শাকিলসহ সাত আটজন দলবদ্ধ হয়ে তার উপর ব্যপক মারপিট করে। একপর্যায়ে কোপা নিয়ে তারা তার (ইদ্রিসের) উপর হামলা চালায়। এসময় তার বুকপকেটে থাকা দোকানের যাবতীয় বেচা বিক্রির টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। হামলায় তিনি গুরুতর আহত হলে এবং রক্তপাত বন্ধ না হলে তার স্ত্রী সহ অন্যরা এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়।
এঘটনায় সাতক্ষীরায় সদর থানায় আইনগত সহযোগিতা চাইলে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হিল আরিফ নিশাত জানান ঘটনার তদন্ত ও পরিদর্শন শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যবসায়ী ইদ্রিস বলেন, এদিকে হামলাকারীরা প্রতিনিয়ত প্রভাবশালী নেতাদের নাম ভাঙিয়ে চলেছে। তারা যে কোন অপকর্ম করলেও কিছু হবে না। তারা নিয়তই আস্ফালন করে যাচ্ছে ফের তার উপর আরও হামলা চালানো হবে। হামলাকারীদের সাথে স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের যথেষ্ঠ প্রভাব আছে। সেই প্রভাব থাকার কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবে না। এ অবস্থায় তিনি তারসহ ব্যবসায়ীদের নিরাপত্তার জোর দাবি জানান। একই হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে আহবান জানান।







