গাজী হাবিব : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ বিজিবি সদস্যরা ঘোনা, ঝাউডাঙ্গা এবং হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির সদস্যরা সদর থানাধীন মোবারকের মোড় নামক স্থান হতে ৫০০ পিস ভারতীয় ইয়াবা ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানাধীন জুগলী বাড়ি মোড় নামক স্থান হতে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। সর্বমোট ৪ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *