oplus_2

নিজস্ব প্রতিনিধি : ‘ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল্, লাগল যে দোল।’ কবিগুরুর এই অমোঘ আহ্বানে সাড়া দিয়ে ‘বসন্ত মানে নতুন আশা, বসন্ত মানে ভালোবাসা’ স্লোগানে জীর্ণতা মুছে প্রকৃতি আজ নবসাজে সজ্জিত। ইট-পাথরের যান্ত্রিক জীবনের চারদেয়াল ছাপিয়ে বসন্ত আজ কেবল ঋতু নয়, হয়ে উঠেছে এক পলিমাটির গভীর অনুভূতি। সেই অনুভূতির আবহে সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

শহরের ফুড প্লাস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নিয়েছিল সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের এক অনন্য মিলনমেলায়। অশোক-পলাশের রাঙা নেশা আর দখিন বাতাসের মর্মর ধ্বনি যেন অনুষ্ঠানস্থলে বয়ে এনেছিল অকারণের সুখ। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এই উৎসবের প্রতিটি পরতে ছিল নতুনের আবাহন।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক এসএম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান রাজিব।

অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের মাহাত্ম্য বাড়িয়ে তোলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তৈয়েব হাসান বাবু, কবি শুভ্র আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাণবন্ত করে তোলেন সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, বদিউজ্জামান বাচ্চু, শামীম পারভেজ, মোশারফ হোসেন, বরুন ব্যানার্জী, নাগরিক নেতা মাধব চন্দ্র দত্ত, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, অধ্যাপক ভারতী সরকার, কণ্ঠশিল্পী মনজুরুল ইসলাম, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, কবি গাজী শাহজাহান সিরাজ, ছড়াকার আহমেদ সাব্বির, কবি দিলরুবা রুবি, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, লেখক মুনিরুজ্জামান মুন্না, ভাস্কর সুরেশ পান্ডে প্রমুখ।

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে…’ এই বন্দনা সংগীত পরিবেশন করেন পুষ্পিতা চক্রবর্তী অর্পা। এরপর
‘ফাগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়, রঙিন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়!’ স্লোগানের এই সুর যেন উপস্থিত সবার মনে ছড়িয়ে দিয়েছিল মুক্তির আনন্দ। নৃত্য পরিবেশন করেন সাংবাদিক তনয়া মেধা।

দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশিত সংগীতের মূর্ছনায় বসন্তের এই সন্ধ্যাটি হয়ে ওঠে মায়াবী। সাংবাদিকদের সপরিবারে উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি বৃহৎ পারিবারিক উৎসবে পরিণত করেছিল। পুরাতন বিরহ সরিয়ে নবীন জীবনের জয়গান গেয়েই শেষ হয় এই বসন্ত আবাহন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জী, মাহবুব শাহ, ফারহানা ইমরোজ রোজ, শিরিনা আক্তার, পুষ্পিতা চক্রবর্তী অর্পা।

সবশেষে, প্রজাপতির পাখার মতো রঙিন আগামীর প্রত্যাশা আর প্রীতির বন্ধন অটুট রাখার অঙ্গীকার নিয়ে ভাঙে এই আনন্দ আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *