ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার শিক্ষা অঙ্গন,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়ায় ভরে উঠেছে। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. দিলারা বেগম আজ আমাদের ছেড়ে চিরশান্তির পথে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রাথমিক খবর অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাসভবনে রান্না করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে মেঝেতে পড়ার পর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক বিদায়ে সাতক্ষীরার শিক্ষাঙ্গনসহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ড. দিলারা বেগম ছিলেন এক শিক্ষণীয় ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও প্রশাসনে তাঁর সততা, নিষ্ঠা এবং দক্ষতা সকলের জন্য অনুকরণীয়। এছাড়াও তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলা নাগরিক কমিটির আহবায়ক,উদীচী,সাতক্ষীরার সহ সভাপতি মরহুম অধ্যাপক আনিসুর রহিমের সহধর্মিণী ছিলেন।
তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শোক প্রকাশ করেছেন — উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কাজী মাসুদুল হক, মনিরুল ইসলাম, যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ ড. মিজানুর রহমান, ভাষাবিদ কাজী মুহম্মদ অলিউল্লাহ, সরকারি মহিলা কলেজের বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, ভাইস প্রিন্সিপাল আল মোস্তানসির বিল্লাহ, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবু কালাম আজাদ, মাধব দত্ত, আলি নুর খান বাবুল প্রমুখ।
ড. দিলারা বেগম ছিলেন সদালাপি, নম্র, সহমর্মী এবং হাস্যোজ্জ্বল, যার স্মৃতি শিক্ষাজগতের প্রতি স্নিগ্ধ ছাপ রেখে যাবে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।







