দীপক শেঠ, কলারোয়া: সারাদেশের ন্যায় কলারোয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা-২৫’র প্রথম দিন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০ টায় কলারোয়ায় এসএসসি পরীক্ষার ৪টি ও দাখিল পরীক্ষার ১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ ম পত্রের অনুষ্ঠিত পরীক্ষায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্র, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্র, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্য: বিদ্যালয় কেন্দ্র ও খোর্দ্দ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বোর্ড থেকে অনুমতি প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিলো বলে জানা যায়। প্রথম দিনের পরীক্ষার সার্বিক পরিস্থিতি জানতে সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিষ্ণুপদ পাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি উপজলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) নুসরাত ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিয়াউল হক জিয়া, শিক্ষা বোর্ড প্রতিনিধি সহকারী অধ্যাপক অহিদুর রহমান, কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, হল সুপার প্রধান শিক্ষক রুহুল আমিন, কেন্দ্রের কর্মকর্তা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মনিরুজ্জামানসহ কর্মকর্তাবৃন্দ।

পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিষ্ণুপদ পাল সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা শেষে ছাত্র- ছাত্রীরা প্রথম দিনের বাংলা ১ ম পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ভাল হয়েছে বলে আনন্দ প্রকাশ করেন। এ দিকে কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *