দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর সহধর্মিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাহানারা পারভিন বকুল-কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিভিন্ন সামাজিক মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা-১ আসনে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শাহানারা পারভিন বকুল। বিশেষ করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারী নেত্রী হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে তার অবদান উল্লেখযোগ্য বলে মনে করেন নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থানীয় একাধিক নেতা বলেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের রাজনৈতিক কর্মকাণ্ডে সবসময় সহায়ক হিসেবে পাশে থেকেছেন বকুল। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেতাকর্মীদের মতে, নারী নেতৃত্ব বিকাশ এবং দলের তৃণমূল পর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে তা সাতক্ষীরার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেন, দলের উচ্চপর্যায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং যোগ্যতার ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারাও জানান, শাহানারা পারভিন বকুল বিভিন্ন সামাজিক কার্যক্রম, মানবিক সহায়তা ও নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এ কারণে তাকে জাতীয় সংসদ-এর সদস্য হিসেবে দেখতে চান তারা।
তবে এ বিষয়ে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে এবং দলের নীতিনির্ধারকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন।
স্থানীয় নেতাকর্মীরা আশাবাদী, দলের প্রতি দীর্ঘদিনের অবদান ও সাংগঠনিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে শাহানারা পারভিন বকুল ভবিষ্যতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।







