আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে গাঁজাসহ দুই যুবককে আটকে রেখে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ই মে) সকাল ১০টার দিকে আটারই বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়লের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, আটারই গ্রামের মাহমুদপাড়া এলাকার বাসিন্দা মোঃ বকুল মাহমুদের ছেলে মোঃ রাজু মাহমুদ (২২) এবং একই এলাকার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ আবির (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা কিনে ফেরার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই যুবককে আটক করেন। পরে বিষয়টি তালা থানা পুলিশকে জানানো হলে এসআই তপনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *