ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান (৮২) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (০৩ জুন) ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের পর উত্তরা থানায় রাখা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের নামে সাতক্ষীরায় চারটি মামলা দায়ের হয়। এর মধ্যে দুটি মামলায় পুলিশ ফাইনাল রিপোর্ট (অব্যাহতি) দিয়েছে। ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ১(তালা -কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার বড়কাশিপুর গ্রামে।
ঢাকায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের নামে সাতক্ষীরাতে দুটি মামলা রয়েছে। নিয়মানুযায়ী তাকে সাতক্ষীরায় এনে বৃহস্পতিবার আদালতে হাজির করানোর চেষ্টা চলছে। সাবেক এই এমপির স্ত্রী রাশিদা রহমান জানান, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বাসায় ছিলেন।







