হাফিজুর রহমান শিমুল : বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন-২৬) বেলা ১২টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ইয়ুথ ফর সুন্দরবন এবং রূপান্তরের সার্বিক সহযোগিতায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

এ সময়ে বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ করা ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।” বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তুহিন হুদা, মাওঃ রাহানুর সিদ্দিক, শিক্ষিকা কনিকা সরকার ও রওশনারা খানম, ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হাসান, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও উপস্থিত ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যদের মধ্যেও পরিবেশ দিবস উপলক্ষে ৫০০ গাছের চারা ও একটি করে বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব ও সচেতন করে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, সূধীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *