শাহ জাহান আলী মিটন : জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদা সুলতানা, শফিউল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, হাবিবুল্লাহ, দীপা সিন্ধু তরফদার, আসাদুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাই নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারেন।

অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষার শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *