নিজস্ব প্রতিনিধি : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সাতক্ষীরা কার্যালয়ের উপপরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল মঈন।
আরো বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
এসময় স্বল্পসুদে ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দুইজন উপকারভোগীর মধ্যে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ২৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা হিসেবে মোট ৮ লাখ ১০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।







