নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা-তালতলা ও কৈখালীসহ এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম। তিনি বলেন শৈলকুর বিলে ১৫ জন মৎস্য ঘের ব্যবসায়ী অপরিকল্পিত ভাবে বাঁধ দিয়ে ঘের করার কারনে মাগুরা, কৈখালী, তালতলা সহ অত্র এলাকার পানি অপসারন হচ্ছেনা। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলের প্রায় দশ হাজার মানুষ পানি বন্দি।
আমি ঘের মালিকদের সময় দিচ্ছি, আগামী দিনের মধ্যে বাঁধ কেটে পাইপ বসিয়ে শৈলকুর বিলের পানি অপসারন না করলে মোবাইল কোর্টের মাধ্যমে ঘেরের বাঁধ কেটে মা- বোন সহ গ্রামবাসীদের রক্ষা করা হবে।
লাবসা ইউনিয়নের মাগুরা, কৈখালী ও তালতলা গ্রামবাসীদের উদ্যোগে জলাবদ্ধতার পানি অপসরনের লক্ষ্যে ২৬ জুলাই শনিবার বিকাল ৫টায় মাগুরাপূর্ব পাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত স্থানীয় জনপ্রতিনিধি, ঘের মালিক ও গ্রামবাসীদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন জলাবদ্ধতার কারনে লাবসা ইউনিয়ন বাসী মানবেতর জীবন কাটাচ্ছে। জলাবদ্ধতার কষ্ট থেকে রেহাই পেতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
স্থানীয় গণমাধ্যম কর্মী আলতাফ হোসেন বাবুর সঞ্চালনায় স্থানীয় জনপ্রতিনিধি, ঘের মালিক ও গ্রামবাসীদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন লাবসা ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, ইউপি সদস্য আলী হোসেন, আতিয়ার রহমান, আলিমুজ্জামান, যশোর আলী, কলেজ শিক্ষক এবিএম আব্দুল হাই, আব্দুস সামাদ, আব্দুল গফুর, পবিত্র ব্যানার্জী, কামরুজ্জামান, মঈনুল ইসলাম মঈন, রুহুল আমিন, শরিফুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সালমা খাতুন, সেলিনা খাতুন, শারমিন, নার্গিস, রুমা সহ মাগুরা, তালতলা, কৈখালী, গোপিনাথপুর গ্রামের চার শতাধিক গ্রামবাসী।







