কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মহাদেব সরদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি আনুঃ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের গাইনপাড়া এলাকায় ঘটে। নিহত মহাদেব সরদার উপজেলার ফতেপুর গ্রামের লক্ষ্মীপদ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহাদেব সরদার বাঁশতলা সড়কের ফতেপুর গ্রামের সন্তোষ গায়েনের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময়ে একই গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে বাবু ঢালী (৪২) মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেন। পরে খুলনায় নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার কইয়া বাজার এলাকায় তার মৃত্যু হয়।

স্থানীয় পথচারীরা জানান, বাবু ঢালী মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাচ্ছিল। পিছন দিক থেকে ধাক্কায় মহাদেব সরদার গুরুতর আহত হন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক সাব্বির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে নিহতের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *