বাবু রাম, আশাশুনি : আশাশুনি উপজেলার ৬ নম্বর ওয়ার্ড হাসাঁখালী গ্রামে যাতায়াতের একমাত্র হেরিংবন্ড রাস্তার ইট তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মঙ্গল চন্দ্রের বিরুদ্ধে। এ ঘটনায় তার শাস্তি এবং রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

লিখিত অভিযোগে হাসাঁখালী ও গাইয়াখালী ব্রিজ হতে হাসাঁখালী বৈদ্য বাড়ি মোড় পর্যন্ত আনুমানিক ১ কিলোমিটার দূরত্বের রাস্তাটি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। রাস্তাটি হেরিংবন্ড ইটের তৈরি ছিল। সম্প্রতি আশাশুনি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মঙ্গল চন্দ্র সরকার উক্ত রাস্তার আনুমানিক ৫০ (পঞ্চাশ) হাজার ইট উত্তোলন করে নিয়ে যান।

গ্রামবাসীরা ইট তোলায় বাঁধা প্রদান করলে ইউপি সদস্যের লোকজন তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমান বর্ষা মৌসুমে রাস্তার ইট তুলে ফেলার কারণে চরম জনদুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। দ্রুত রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এ ব্যাপারে ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি ইট বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *