হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬ নম্বর নলতা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নলতা ইউনিয়নের এলাকাবাসীর সঙ্গে প্রথমবারের মতো নির্বাচনী মতবিনিময় সভা করেছেন তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর-২৬) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোনা-মাগরী এলাকায় সাইক্লোন শেল্টারের বিপরীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক মাওলানা আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং সমাজসেবক আলহাজ্ব মো. আশরাফ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফুল ইসলাম ওসমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান, সদস্য মো. আবুল কালাম আজাদ (বকুল) এবং নলতা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. হাবিবুর ইসলাম। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হারুন অর রশিদকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান। ঘোনা-মাগরী এলাকা থেকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়ে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের কথাও জানান বক্তারা। একই সঙ্গে বিএনপির দলীয় সমর্থন পেলে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ বলেন, নলতা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত করতে তিনি কাজ করতে চান। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন দাবি করে তিনি বলেন, প্রায় তিন দশক ধরে তিনি দলের পক্ষে কাজ করে আসছেন। তিনি আরও বলেন, নলতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তিনি একাধিকবার মেম্বারের দায়িত্ব পালন করেছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে তিনি দলীয় সমর্থনের প্রত্যাশা করছেন, যাতে এলাকার মানুষের সুখে-দুঃখে কাজ করার সুযোগ পান। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *