তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাঠকর্মী তালা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মো. গিয়াস উদ্দীন (৪২) জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী। অভিযুক্ত সুমন সরদার (৩৬) একই গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুমন সরদারের স্ত্রী খাদিজা বেগম (২২) গত ২৩ ফেব্রুয়ারি জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১৮ মাস মেয়াদে ৯৯ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখে ৬ হাজার ৬৩৩ টাকা করে কিস্তি পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত কিস্তি পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতেন বলে অভিযোগ করেন মাঠকর্মী গিয়াস উদ্দীন।
অভিযোগে বলা হয়, অক্টোবর মাসের কিস্তি বকেয়া থাকায় রোববার সকালে গিয়াস উদ্দীন টাকা চাইতে সুমনের বাড়িতে যান। এ সময় সুমন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি বাম হাতের বাহুতে কামড় দেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে কিস্তির টাকা চাইতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযুক্তের স্ত্রী খাদিজা বেগম অভিযোগের ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, ৪ নভেম্বর কিস্তির টাকা দেবেন বলে জানালে গিয়াস উদ্দীন ক্ষিপ্ত হন এবং তাঁকে ঝাড়ু দিয়ে মারধর করেন। ঘটনার সময় তাঁর স্বামী সুমন বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন তিনি।
জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, “আমার কর্মীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







