নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের বাউলডাঙ্গা গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন একটি দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাউলডাঙ্গা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. নজরুল ইসলামের নির্মাণাধীন দোকানঘরে হামলা চালিয়ে সেটি ভেঙে ফেলা হয়। অভিযুক্ত হিসেবে একই এলাকার মো. মসলেম ঢালী, তাঁর ছেলে মো. রাজু, মৃত মফাজ্জেল ঢালীর ছেলে মো. মোসলেম, আনারুল ও মোকারম ঢালীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি সদর উপজেলার বল্লী মৌজার বিএআরএস খতিয়ান নম্বর ২১৪৭ ও বিএআরএস দাগ নম্বর ২১৬৭-এর অন্তর্ভুক্ত ১০ শতক জমি।

এ জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা (নং পি-৮২৫/২৬) বিচারাধীন রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক দোকানঘরটি ভেঙে দেন। বাউলডাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম বলেন, জমিটি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ কোনো সালিশি সিদ্ধান্ত মানেনি বলে তাঁর দাবি।

স্থানীয় বাসিন্দা মো. শামীম হোসেনের দাবি, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে ভয়ভীতি প্রদর্শন করে দোকানঘরটি ভেঙে ফেলেন।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, “আমি আমার নিজস্ব জমিতে দোকান নির্মাণ করছিলাম। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে দোকানঘরটি ভেঙে দেওয়া হয়েছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।” তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। এছাড়া মামলাটি বিচারাধীন থাকায় আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেও নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *