দীপক শেঠ কলারোয়া : কলারোয়ায় পুকুরে ডুবে ঊর্মি খাতুন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার যুগীখালি ইউনিয়নের বামনখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ঊর্মি খাতুন খুলনা জেলার পাইকগাছা থানার কাটিপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কলারোয়ায় অবস্থান করছিল। তার বাবা-মা দুজনেই দিনমজুর হিসেবে কাজ করেন।
শিশুটির বাবা জানান, ঘটনার সময় ঊর্মি আরও দুই শিশুর সঙ্গে পুকুরের পানিতে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পানিতে ডুবে যায়। আমরা কাজ শেষে বাড়িতে ফিরে তাকে খুঁজতে গিয়ে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পাই। দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশুটির মরদেহ নিজ গ্রাম কাটিপাড়ায় নিয়ে দাফনের প্রস্তুতি চলছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







