গাজী হাবিব : সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির সামনে থেকে এক নাবালিকা মাদ্রাসাছাত্রীকে ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে কলারোয়া থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালিয়া দক্ষিণ গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন অভিযোগ করেন, তার ১৫ বছর বয়সী কন্যা স্থানীয় বোয়ালিয়া মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত একই গ্রামের মো. আরিজুল ইসলাম দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় মেয়েকে অপহরণ ও ক্ষতির হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে সতর্ক করা হলেও তিনি ক্ষান্ত হননি। বরং রবিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে বাড়ির সামনে পাকা সড়কে দাঁড়িয়ে থাকা ওই ছাত্রীকে অজ্ঞাতনামা ২-৩ সহযোগীকে সঙ্গে নিয়ে একটি ইজিবাইকে জোরপূর্বক তুলে বালিয়াডাঙ্গা বাজারের দিকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিক্ষার্থীর কোনো সন্ধান পাননি।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে কলারোয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন ছাত্রীর বাবা। এজাহারে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, অপহৃত নাবালিকার জীবন ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এবং তার ওপর যেকোনো ধরনের ক্ষতি হতে পারে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ সরদার শাহিন বলেন- বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।তবে এ ঘটনায় অভিযুক্ত আরিজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।







