দীপক শেঠ, কলারোয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব নির্বাচনী প্রতীক প্রাপ্ত হয়ে প্রয়াত পিতা-মাতা ও বড় ভাই বিএনপি নেতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহষ্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) সকালে পৌরসদরের তুলশীডাঙ্গাস্থ পারিবারিক কবরস্থানে দোয়া-মোনাজাত শেষে পৌরসদরের বিভিন্ন এলাকা ও বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উৎপাদন-উন্নয়নের আগামি রাষ্ট্র বিনির্মানের আহবান জানান।

পরে তিনি কলারোয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত শিক্ষার্থীদের পিঠা উৎসবে যোগ দেন। সেখানে স্থান পাওয়া ১০টি স্টল ঘুরে ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের হরেক রকমের নানান পদের ও নামের পিঠা পরখ করেন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কলেজ, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে আগের মতোই অবদান রাখবেন বলে আশ্বস্থ করেন।

পরে দুপুরে কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হন সাবেক এই সংসদ সদস্য। এদিন বিকেলে তালা উপজেলার ফুলবাড়িয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতীক বরাদ্দের পাওয়ার পর বুধবার সন্ধ্যায় পৌরসভার ৭টি ওয়ার্ডের পৃথক স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান তিনি। এসকল কর্মসূচিতে মহিলাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *