খুলনা, ২০ জ্যৈষ্ঠ (০৩ জুন) : বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভা আজ (বুধবার) খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশুশ্রমরোধ করার জন্য বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সঞ্চালনায় সভায় শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি-সহ শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা অংশ নেন। খুলনা বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের দুই মাস পর পর মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, রেলওয়েস্টশন, শহিদ হাদিস পার্কসহ বিভিন্ন স্থানে ভাসমান শিশুদের ফিরিয়ে আনা, শ্রমঘণ এলাকাগুলো পরিদর্শন, শিশুশ্রম নিরসণে সচেতনতামূলক প্রচার, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়া, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *