শেখ মনিরুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর সভার ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের মুনজিতপুরস্থ রাজ হোটেলের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
২ নং ওয়ার্ডের আমির মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা ও জেলা কর্মপরিষদ সদস্য মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা গাজী আব্দুল হাফিজ, হাফেজ খায়রুল বাসার, মুফতি দেলোয়ার হোসেন এবং অধ্যাপক মোখলেছুর রহমান প্রমুখ।

আলোচনায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা হিসেবে আত্মসংযম, ত্যাগ, মানবতা এবং মানুষের প্রতি সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান শুধু ইবাদতের মাসই নয়, বরং সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার চেতনা জাগ্রত করার এক অনন্য সুযোগ।

বক্তারা আরও উল্লেখ করেন, সাতক্ষীরা শহরের ২ নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকা। মুনজিতপুর এলাকার বাসিন্দাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের মাধ্যমে দ্বীনের প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা।

শেষে হাফেজ খায়রুল বাসার দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে শতাধিক মুসল্লি একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *