নিজস্ব প্রতিনিধি : পুরাতন সাতক্ষীরা মন্দিরে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের দিক-নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলো-পুরাতন সাতক্ষীরার (ছয়য়ানী মসজিদের মোড়) মাসুদুর রহমানের ছেলে তানভির রহমান (২১), একই এলাকার রেজাউল হোসেন বাবলুর ছেলে মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫), পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দিরের পাশের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), পলাশপোল এলাকার মো. শাহজাহান আলীর ছেলে আল ইমরান হোসেন ওরফে সাকিব (২৫), পারমাছখোলা এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫) এবং গাংনিয়া মাহমুদপুর এলাকার নূর ইসলাম গাজীর ছেলে বাবলু গাজী (৪২)।
সাতক্ষীরা সদর থানার ওসি মুহা. মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবারই সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।







