নিজস্ব প্রতিনিধি : সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ সম্মেলন থেকে ফিরে প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহীকে সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ সকাল ১০টায় শহরের শহীদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অধ্যাপক পবিত্র মোহন দাস ও কবি স. ম. তুহিন। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ সংশ্লিষ্ট প্রবীণ বিষয়ক সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘ওপেন-এন্ডেড ওয়ার্কিং গ্রুপ অন এজিং’ (OEWG-A) সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে আইনগত কাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জেনেভায় বয়স্ক ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষায় একটি আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক দলিল বা কনভেনশন প্রণয়নের লক্ষ্যে গঠিত নতুন আন্তঃসরকারি ওয়ার্কিং গ্রুপ (IGWG)-এর প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০২৪ সালের আগস্টে ‘ওপেন-এন্ডেড ওয়ার্কিং গ্রুপ অন এজিং’ (OEWG-A)-এর কার্যক্রম সমাপ্ত হলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এই নতুন আন্তঃসরকারি গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা স্থানীয় পর্যায়ে কাজে লাগাতে পারলে প্রবীণদের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
সভায় সাতক্ষীরায় প্রবীণদের কল্যাণে তাৎক্ষণিকভাবে কাজ করার লক্ষ্যে একটি অ্যাক্টিং কমিটি গঠন করা হয়। প্রবীণ হৈতেষী সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন— কাজী সফিউল্লাহ ফারুকী (আবু কাজী), শেখ সিদ্দিকুর রহমান, নিত্যানন্দ সরকার, ফরিদা আক্তার বিউটি, শেখ আবুল কালাম আজাদ ও মাগফুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, ড. মুফতি আক্তারুজ্জামান, অ্যাড. মুনীরউদ্দীন, রোটা. মাগফুর রহমান, ফরিদা আক্তার বিউটি, নাগরিক নেতা আলি নুর খান বাবুল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে সাতক্ষীরায় প্রবীণদের অধিকার ও কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।







