হাফিজুর রহমান শিমুল : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বো আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চমৎকার যুক্তি, তথ্য ও উপস্থাপনার মাধ্যমে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মঙ্গলবার (৪ আগস্ট-২৬) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালের বিতর্কের বিষয় ছিল ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’।

এ বিষয়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অংশ নেয়। যুক্তিতর্কে এগিয়ে থেকে সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত হয়।অপরদিকে সেমিফাইনালে একই বিষয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ বিপক্ষে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয়ও ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনাল বিতর্কের বিষয় ছিল ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ’। এতে বিপক্ষে অবস্থান নিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় এবং পক্ষে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ বিতর্ক শেষে বিচারকদের রায়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, কালিগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল এবং রোকেয়া মনসুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সোমা বিশ্বাস।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল। সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। ফলাফল সংরক্ষণে সহযোগিতা করেন কমিটির সদস্য কণিকা সরকার ও সৈয়দ মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিতর্ক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী কালিগঞ্জের কৃতি অ্যাথলেট মো. জাকির হোসেন-কে সংবর্ধনা জানানো হয়।

প্রতিযোগিতায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবুল হাসান সেরা বক্তা নির্বাচিত হন। দুর্নীতি প্রতিরোধবিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন একই বিদ্যালয়ের রাকিবুল হাসান, দ্বিতীয় হন দিগন্ত মণ্ডল এবং তৃতীয় হন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী দে।

এছাড়া আরও ছয়জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকেও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *