তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় ১৩ বছর বয়সী শিশু শিহাব হোসেন হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার শোকাহত মা মুক্তা খাতুন। সোমবার (২১ জুলাই) বিকালে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

খড়েরডাঙ্গা গ্রামের বাসিন্দা ও নিহত শিহাবের মা মুক্তা খাতুন জানান, তার স্বামী সাদেক মুন্সীর মৃত্যু পর তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে সন্তানকে মানুষ করার চেষ্টা করছিলেন। গত ২৩ জুন রাতে উপজেলার শিবপুর গ্রামের নজরুল ইসলামের একটি কাঁসার থালা হারানোর ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে শিহাবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার সহযোগীরা।

তিনি অভিযোগ করেন শিবপুর গ্রামের মতিয়ার রহমান, চরগ্রামের মজিবর মোল্ল্যা, শিবপুরের রুবেল মোল্ল্যা এবং মাঝিয়াড়া গ্রামের মিলন মোড়ল মিলে শিহাবকে বেধড়ক মারধর করে। চুরির মিথ্যা অপবাদ ও নির্মম নির্যাতনের অপমান সইতে না পেরে শিহাব সেদিন রাতেই বাড়ি ফিরে বিষপান করে।

পরদিন ভোরে খবর পেয়ে ঢাকায় কর্মরত ( মা) বাড়িতে এসে ছেলেকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পরও গত ১৪ জুলাই ঢাকায় শিহাব মৃত্যুবরণ করে।

মুক্তা খাতুন বলেন, “আমি আদালতের দ্বারস্থ হয়ে ২১ জুলাই সাতক্ষীরা আমলী আদালত (৩)-পাঁচজনকে আসামি করে মামলা (নং-২০৪/২৫) দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাকে একের পর এক প্রাণনাশের হুমকি দিচ্ছে। শুধু ছেলে নয়, নিজের জীবন নিয়েও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন শিহাবের মা। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ছেলে হত্যার ন্যায়বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *