দীপক শেঠ, কলারোয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ কলারোয়া প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি বলেন, আমরা বিভেদের নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে কর্মমুখর জনগোষ্ঠী গড়ে তুলতে চাই।
এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল অবকাঠামোর উন্নয়ন করতে চাই। মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, আমরা বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করতে চাই। উন্নয়ন কাজে বিনা সুদের ঋণ প্রদান করতে চাই। সেই সাথে শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চাই।
তিনি বলেন, সকল দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। প্রত্যেক মানুষের নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। নারী জাতির প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকবে। সেইসাথে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার চেষ্টা করা হবে।
পরিশেষে তিনি সাংবাদিকদের পাশে থেকে তাদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।







