দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজনে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে টু্র্নামেন্টের প্রথম পর্বের ৪র্থ ও শেষ খেলায় পরস্পরের মুখোমুখি হয় খুলনা এসবি একাডেমি ও কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ।
বিপুল দর্শক সমাগমে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় কসমস ফুটবল একাদশ। খেলার দ্বিতীয়ার্ধ্বে শেষ বাঁশি বাজার মিনিটখানেক আগে কসমস ফুটবল একাদশের ১০ নং জার্সিধারী সাইদুল জয়সূচক একমাত্র গোলটি করেন। কর্নার কিক গোলপোস্ট বরাবর এলে দর্শনীয় হেড দিয়ে গোলটি করেন সাইদুল। খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন কসমস ফুটবল একাদশের তুহিন। খেলাটি পরিচালনা করেন রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন।
আগামী ১৯ অক্টোবর, রোববার টু্র্নামেন্টের প্রথম সেমিফাইনালে কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ ও ধুলিহর সুপারস্টার যুব সংঘ পরস্পরের মুখোমুখি হবে বলে জানা যায়।







