দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের  চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ভারতীয় ওষুধ, শাড়ি, বোরকা ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ঝাউডাঙ্গা বিশেষ বিওপি এবং কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, হিজলদি, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন।
বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা বিশেষ বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন গোপিনাথপুর নামক স্থান থেকে ৭০ হাজার ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে  ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে হিজলদি বিওপির সদস্যরা সীমান্তের বড়ালি ও আমবাগান থেকে ৭২ হাজার ৪শ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও পেঁয়াজ উদ্ধার করেন।
একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা গোয়ালপাড়া ও কাদপুর নামক স্থান থেকে ৫২ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। এছাড়া সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তের সুলতানপুর থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।  তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক  লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত বৃহস্পতিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *