ডেস্ক রিপোর্ট : নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর খুলনা অঞ্চলের ক্রিকেট ফাইনাল প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা বালক দল চ্যাম্পিয়ন এবং বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শনিবার (২৩ মে ২০২৬) খুলনা জেলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলার মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই খেলায় সাতক্ষীরা জেলা বালক দল মাত্র ১ রানের ব্যবধানে চুয়াডাঙ্গাকে পরাজিত করে খুলনা অঞ্চলের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

অপরদিকে, বালিকা বিভাগের ফাইনালে সাতক্ষীরা ও খুলনা জেলার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে সাতক্ষীরা জেলা দল ২ উইকেটে পরাজিত হয়ে রানার্সআপ হয়। যদিও পরাজিত হয়েছে, তবুও দলটির লড়াকু পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এছাড়াও মার্শাল আর্ট ইভেন্টে সাতক্ষীরা জেলার খেলোয়াড়রা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তায়কোয়ানডোতে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ, উশুতে ১টি রৌপ্য, জুডোতে ২টি রৌপ্য এবং কারাতে ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে জেলা দলের খেলোয়াড়রা নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুলনা জেলা ক্রীড়া অফিসার আলিমুজ্জামান বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। তিনি সাতক্ষীরার খেলোয়াড়দের এই সাফল্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে অভিনন্দন জানান। সাতক্ষীরা জেলা বালক ক্রিকেট দলের কোচ ছিলেন শাহিনুর রহমান লিটু এবং বালিকা দলের কোচ ছিলেন ফাতেমা তুজ জোহরা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *