আব্দুর রহমান : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা। বালক ও বালিকা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে জেলার দুটি বিদ্যালয়। এ অর্জনে আনন্দে ভাসছে সাতক্ষীরার শিক্ষা ও ক্রীড়াঙ্গন। বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিভাগীয় ফাইনালে বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে যশোর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন সাতক্ষীরার ক্ষুদে খেলোয়াড়েরা।

দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং ও দলগত সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রেখে দাপুটে জয় তুলে নেয় গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয় পেয়ে বিভাগীয় শিরোপা জিতে নেয়। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে ফাইনালেও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় দলটি। রক্ষণ ও আক্রমণের সমন্বিত খেলায় প্রতিপক্ষকে আটকে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে সাতক্ষীরার মেয়েরা।

খেলা শেষে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। ক্ষুদে ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্যে উজ্জ্বল হয়েছে সাতক্ষীরার ক্রীড়াঙ্গন। বিজয়ী দলের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন ধলবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। এ সময় উপস্থিত দর্শকেরা ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাসে করতালি দিয়ে অভিনন্দন জানান।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য সাতক্ষীরার জন্য গর্বের। খেলোয়াড়দের আন্তরিকতা ও শিক্ষকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। জাতীয় পর্যায়েও তারা ভালো করবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাতক্ষীরার শিক্ষার্থীরা খেলাধুলায় ধারাবাহিক সাফল্য অর্জন করায় জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। এদিকে বিভাগীয় পর্যায়ে একসঙ্গে দুই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার খবরে গণেশপুর ও পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আনন্দ উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *