গাজী হাবিব : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি। জব্দ করা নাকফুল ও ট্রাকের আনুমানিক মোট মূল্য এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

শুক্রবার (১০ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে একটি পণ্যবাহী ট্রাকে বিপুল পরিমাণ ডায়মন্ডের নাকফুল বাংলাদেশে পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে ভোমরা বিজিবি চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি রপ্তানিকারক পণ্যবাহী ট্রাক তল্লাশি করে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের অভিযোগে ট্রাকচালক সমরেশ দাস এবং সহযোগী রাম মন্ডল নামে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। একই সঙ্গে ভারতীয় নিবন্ধন নম্বর WB 59 B9919-এর ট্রাকটিও জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা ডায়মন্ডের নাকফুলের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং জব্দ ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব ডায়মন্ডের নাকফুল পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের জন্য হুমকি সৃষ্টি করার পাশাপাশি সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করে।

বিজিবি আরও জানিয়েছে, আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব ফাঁকি রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *