মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর নাথপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারির বড় ছেলে প্রত্যয় হাজারি (১৮) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রত্যয় এ বছর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। গত ২১ জুলাই পারুলিয়ায় ভাড়াটিয়া বাসা থেকে কম্পিউটার প্রশিক্ষণের উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। সেখানেও অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বুধবার (২২ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রত্যয়ের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।







